ইসলামী ব্যাংক ঘিরে গ্রাহক আন্দোলন অব্যাহত, যোগ দিলেন নারীরাও

ইসলামী ব্যাংক ঘিরে গ্রাহক আন্দোলন অব্যাহত, যোগ দিলেন নারীরাও

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে সচেতন গ্রাহক ফোরাম। এ দফায় আন্দোলনে উল্লেখযোগ্যভাবে যুক্ত হয়েছেন নারী গ্রাহকরাও, যা কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করেছে।


মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক গ্রাহক অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন।


এর আগে টানা আট দিন তারা মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয় আন্দোলন। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিতর্কিত কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের অভিযোগ থাকা একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের ওপর আস্থা ও আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দিতে হবে যিনি ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য। পাশাপাশি তারা সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবিও জানান।


তারা আরও অভিযোগ করেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অনিয়মের বিচার এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে।


এর আগে ঈদের আগে শেষ কর্মদিবসে তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।