আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভা আজ

আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে আজ বিশেষ বোর্ড সভায় বসছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


সভায় পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার পাশাপাশি বাকি চারটি প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অবসায়ন বা বন্ধের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।


অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সকে পুনরুদ্ধারের সুযোগ হিসেবে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, অবসায়নের তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে। এসব আমানত কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে, সে বিষয়েও সভায় সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রস্তাবও আলোচনায় উঠবে। অনুমোদন মিললে প্রশাসক নিয়োগের মাধ্যমে আমানত ফেরতের প্রক্রিয়া শুরু করা হবে।


বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, যেসব প্রতিষ্ঠানকে তিন মাস সময় দেওয়া হবে, তাদের এই সময়ের মধ্যে ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে সেগুলোও রেজল্যুশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আনা হবে।


দেশের আর্থিক প্রতিষ্ঠান খাত কয়েক বছর ধরেই তীব্র তারল্য সংকট, উচ্চমাত্রার খেলাপি ঋণ এবং দুর্বল সুশাসনের চাপে রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে আমানত ফেরত না পাওয়ার অভিযোগে গ্রাহকদের দীর্ঘদিন ধরে ভোগান্তি চলেছে।