টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে ও পিকআপচালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী পিকআপে ছিলেন।


এ ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।