রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট, ছাড় পাচ্ছে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান

11 Jun 2026, 05:30 PM
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট, ছাড় পাচ্ছে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান

শেয়ারবাজার ডেস্ক : আগের নির্দেশনা শিথিল করে আগামী শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নতুন সময়সূচি শুধু শপিংমল ও দোকানপাটেই নয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে।


এর আগে বিদ্যুৎ বিভাগের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধান কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সীমা আরও শিথিল করে রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।


নির্দেশনায় আরও বলা হয়, খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান পূর্বের নিয়ম অনুযায়ী কার্যক্রম চালাতে পারবে।


বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের বাতি রাত ৯টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ নির্দেশনা শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।