টি+শূন্যে যাচ্ছে শেয়ার লেনদেন, আইপিও প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক

টি+শূন্যে যাচ্ছে শেয়ার লেনদেন, আইপিও প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি প্রক্রিয়া বর্তমান ‘টি+টু’ থেকে ধাপে ধাপে কমিয়ে ‘টি+শূন্য’ বা একই দিনে সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।


মন্ত্রী বলেন, “পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমানের ‘টি+টু’ থেকে ধাপে ধাপে কমিয়ে ‘টি+শূন্য’ করা হবে।”


বর্তমানে ‘টি+টু’ পদ্ধতিতে শেয়ার কেনাবেচার পর সেই শেয়ার বা বিক্রির টাকা ব্যবহারযোগ্য হয় দুই দিন পর। নতুন ‘টি+শূন্য’ ব্যবস্থা কার্যকর হলে লেনদেনের দিনেই সেটি সম্পন্ন হবে।


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পুঁজিবাজারে ভালো কোম্পানি আকৃষ্ট করতে সংস্কারের পাশাপাশি তালিকাভুক্তির সব প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার ঘোষণা দেন।


তিনি বলেন, “আইপিও প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে।”


তিনি আরও জানান, অনলাইন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে।


অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ডসহ দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে।


বাজার উন্নয়নে দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে দ্বৈত তালিকাভুক্তির সম্ভাবনাও যাচাই করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।