সূচকের উত্থানের সপ্তাহেও বাজার থেকে উধাও প্রায় ৩ হাজার কোটি টাকা
শেয়ারবাজার ডেস্ক : বিদায়ী সপ্তাহে (৭-১১ জুন) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ও লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেলেও কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে বাজার থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা উধাও হয়েছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬৬ কোটি টাকা, যা শতাংশের হিসাবে ০ দশমিক ৪২ শতাংশ।
অন্যদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩৮ কোটি ৯ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় ১ হাজার ৮১৪ কোটি ৫৫ লাখ টাকা বা প্রায় ৩৯ শতাংশ বেশি।
সূচকের দিক থেকেও ইতিবাচক অবস্থান ছিল বাজারে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বা ০ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে উন্নীত হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ৪৭ দশমিক ৪০ শতাংশ। বিপরীতে ১৭৩টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং ৩০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১৮৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বা ০ দশমিক ৪৭ শতাংশ কমে ১৫ হাজার ১৯৬ পয়েন্টে নেমে এসেছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।
এই বিভাগের আরও খবর
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
বাজেটে পুঁজিবাজার উন্নয়নমুখী নীতি গ্রহণে অর্থমন্ত্রীকে ধন্যবাদ ডিএসই’র
পুঁজিবাজার মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা
টি+শূন্যে যাচ্ছে শেয়ার লেনদেন, আইপিও প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক
করপোরেট করহার অপরিবর্তিত, শর্তসাপেক্ষে ছাড় পাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি