নিয়ম ভেঙে ‘নিষিদ্ধ কমিশন’ দেওয়ার অভিযোগ, কঠোর অবস্থানে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক : ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও বিভিন্ন নামে ‘নিষিদ্ধ কমিশন’ প্রদান এবং বিধি লঙ্ঘনের অভিযোগে নন-লাইফ বিমা খাতের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগের ভিত্তিতে নয়টি সাধারণ বিমা কোম্পানিতে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে। কোম্পানিগুলো হলো প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
আইডিআরএ জানায়, বেতন-ভাতা পরিশোধ এবং নো ক্লেইম বোনাসসহ বিভিন্ন খাতের নাম ব্যবহার করে কমিশন প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে তিনটি পরিদর্শক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ জুন পৃথক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে টিম পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও কিছু কোম্পানি বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে, যা নিয়ন্ত্রক নির্দেশনার সরাসরি লঙ্ঘন।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে আইডিআরএ সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, পরিদর্শন শেষে প্রতিবেদন ভিজিলেন্স টিমে দাখিল করা হবে। অনিয়মের প্রমাণ মিললে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
লাখো গ্রাহকের হাজার কোটি টাকার দাবি বকেয়া—এ কেমন বিমা ব্যবসা?
আস্থার সংকটে বিমা খাত, আগ্রহ হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
নিটল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে