ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ডিবিএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাউছার আল মামুন লিখিতভাবে অভিযোগ করেন, সভায় বক্তব্য দিতে গেলে ইমন বারবার সভাপতিকে নির্দেশ দিয়ে তার বক্তব্য থামানোর চেষ্টা করেন। এতে তিনি অপমানিত ও বাধাগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।


কাউছার আল মামুন আরও অভিযোগ করেন, ইমন নির্বাচিত পদকে ব্যবহার করে সভার গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করেন এবং “চরম ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে” বক্তব্য সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ডিএসই ও ডিবিএ কারও একচ্ছত্র আধিপত্যের জায়গা নয়; তবু ইমনের আচরণ প্রতিষ্ঠানের নীতিমালা প্রশ্নবিদ্ধ করছে।

 

এদিকে মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে পুঁজিবাজারে কারসাজি, প্রভাব খাটানো ও বাজার ধসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আবেদন দাখিল হয়েছে। অভিযোগকারীর দাবি, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বারবার ডিএসইর পরিচালক হয়েছেন এবং বাজারে দুর্বল কোম্পানি আনার সঙ্গে জড়িত ছিলেন।

 

অভিযোগগুলো সম্পর্কে মিনহাজ মান্নান ইমনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

তিনি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির খালাত ভাই। রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে তিনি এক সময় জেলও খেটেছেন।