সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার, ৯ মাসের সর্বোচ্চে ডিএসইএক্স

সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার, ৯ মাসের সর্বোচ্চে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে ছিল উচ্ছ্বাসের ছাপ। বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ দশমিক ৩৪ পয়েন্টে উঠে এসেছে, যা গত প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।


বাজারসংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্ব আসার পর বাজারে ধীরে ধীরে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও সূচক ও লেনদেনে ধারাবাহিক অগ্রগতি দেখা যাচ্ছে। মাঝেমধ্যে সাময়িক সংশোধন এলেও সেটিকে স্বাভাবিক বাজার আচরণ হিসেবেই দেখছেন তারা।


ডিএসই সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৫ হাজার ৬২৭ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করেছিল। রোববারের উত্থানের ফলে সূচকটি আবারও সেই উচ্চতার কাছাকাছি পৌঁছেছে।


এদিন শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ বেড়েছে ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট, যা দিন শেষে ২ হাজার ১১৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৯৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।


লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দিনভর ডিএসইতে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১২০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থানমুখী প্রবণতা দেখা গেছে। এদিন সেখানে ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬০ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ৪৮ দশমিক ৫০ পয়েন্ট কমেছিল।


সব মিলিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারেই উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক প্রায় ৯ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোয় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।