দুই মাসে ৫১ শতাংশ বেড়েছে দুলামিয়া কটনের শেয়ার, কারণ জানে না কোম্পানি

দুই মাসে ৫১ শতাংশ বেড়েছে দুলামিয়া কটনের শেয়ার, কারণ জানে না কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটনের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। এ পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


ডিএসই সূত্রে জানা গেছে, দুলামিয়া কটনের শেয়ারদরের অস্বাভাবিক উত্থানের কারণ জানতে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে। অর্থাৎ শেয়ারদরের এ উত্থানের পেছনে কোম্পানির কাছে কোনো নির্দিষ্ট কারণ জানা নেই।


তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল দুলামিয়া কটনের প্রতিটি শেয়ারের দাম ছিল ১১৩ টাকা ৫০ পয়সা। যা চলতি বছরের ১১ জুন বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়। ফলে মাত্র দুই মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৮ টাকা ১০ পয়সা বা প্রায় ৫১ শতাংশ।