শাবনূরকে বড় পর্দায় মিস করছেন পূর্ণিমা

08 Jun 2026, 02:25 PM
শাবনূরকে বড় পর্দায় মিস করছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমার পুরোনো স্মৃতি আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো একটি পুরোনো মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী পূর্ণিমা। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া।


ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লেখেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।”


তিনি আরও লেখেন, “২–৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।”


বর্তমানে বড় পর্দায় নিয়মিত না থাকলেও শাবনূরকে ভক্তরা গভীরভাবে মিস করেন বলে উল্লেখ করেন পূর্ণিমা। তিনি লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”


ঢালিউডের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা—দুজনেই নিজ নিজ সময়ে অভিনয় ও জনপ্রিয়তার মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় তাদের পর্দার প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও বাস্তবে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বারবার উঠে এসেছে আলোচনায়।