ফুটবলার হওয়ার আকাঙ্ক্ষা থেকে বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি

26 Apr 2026, 01:13 PM
ফুটবলার হওয়ার আকাঙ্ক্ষা থেকে বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি

নিজস্ব প্রতিবেদক : বলিউডের গ্ল্যামার আর ঝলকানিতে এখন যিনি নিয়মিত আলোচনায়, তিনি নোরা ফাতেহি। কিন্তু এই সফলতার আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন স্বপ্নের গল্প—যেটা ছিল ফুটবলের মাঠে ক্যারিয়ার গড়ার।

 

সামাজিক মাধ্যমে সম্প্রতি নিজের শৈশবের কথা শেয়ার করে নোরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়া। বল নিয়ে মাঠে নামা, প্রতিযোগিতায় অংশ নেওয়া—সবকিছুই ছিল তার কল্পনায়। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক গুরুতর চোট তার সেই স্বপ্নে বড় ধাক্কা দেয়। সেই মুহূর্তটিকে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন।

 

চোটের কারণে খেলাধুলার পথ বন্ধ হয়ে গেলেও নোরা থেমে থাকেননি। বরং সেই মানসিক ধাক্কাই তাকে আরও দৃঢ় করে তোলে। নতুন করে নিজেকে গড়ে তোলার পথে তিনি পা রাখেন বিনোদন জগতে।

 

বলিউডে তার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে মূল পরিচিতি আসে দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানগুলোতে পারফর্ম করার পর। ‘টেম্পার’, ‘কিক টু’ এবং ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর মতো ছবির গানে তার নাচ দর্শকদের নজর কাড়ে।

 

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের নতুন ভার্সনে পারফর্ম করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় গানটি ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা তাকে রাতারাতি আলোচনার শীর্ষে নিয়ে আসে।

 

ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক মঞ্চে এখন নিয়মিত দেখা যায় নোরা ফাতেহিকে। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে তার উপস্থিতি এখন পরিচিত নাম।