মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায়। দুই পক্ষের সামরিক পদক্ষেপে নতুন করে অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল।


ইসরাইলের পক্ষ থেকে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। দেশটি দাবি করেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট সামরিক অবস্থান লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি তাবরিজ ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


ঘটনার পরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির লঙ্ঘন আর সহ্য করা হবে না। এরপরই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি করা হয়।


পরবর্তীতে সোমবার ইসরাইলও পাল্টা হামলা চালায়। এতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।


এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।


সূত্র: আলজাজিরা