হরমুজ প্রণালীতে ট্যাংকারে মার্কিন হামলা, প্রাণ গেল তিন ভারতীয় নাবিকের
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ জুন) জাহাজটির ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র হামলার পর। প্রথমে তারা নিখোঁজ ছিলেন, পরে নিশ্চিত করা হয় যে সবাই প্রাণ হারিয়েছেন।
ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
হামলার শিকার ট্যাংকারটির নাম ‘সেত্তেবেল্লো’। পালাওয়ের পতাকাবাহী এ জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের কাছ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয় জাহাজটি। হামলার পরপরই জাহাজ থেকে জরুরি সহায়তা চাওয়া হয় এবং উদ্ধার অভিযান শুরু করা হয়।
ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। তাদের দাবি, যেসব জাহাজ এ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করছে, সেগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বা হামলার মাধ্যমে নিষ্ক্রিয় করা হচ্ছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গত দুই দিনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরান-ইসরাইলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা
ভূমিকম্পে লণ্ডভণ্ড ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি
মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যে ঘোষণা দেবেন ট্রাম্প