যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তাকর্মীসহ ৩ জন রয়েছেন। পরে দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকো সীমান্তঘেঁষা স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি স্কুল হিসেবে পরিচালিত হয়। হামলার শিকার মসজিদটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ এবং এটি শহরের সবচেয়ে বড় ইসলামিক সেন্টারগুলোর একটি।


ঘটনার সময় সেখানে নিয়মিত ক্লাস ও কার্যক্রম চলছিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো শিশু হতাহত হয়নি।


পুলিশ জানায়, মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর থেকে দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৯ বছর। প্রাথমিক ধারণা অনুযায়ী, হামলার পর তারা নিজেদের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে।


স্থানীয় এক সংবাদ সম্মেলনে কর্মকর্তা স্কট ওয়াল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, হামলার পর তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।”


ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে সহায়তার জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সহযোগিতা নেওয়া হচ্ছে।


ঈদুল আজহার কয়েক দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারের ইমাম তাহা হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা আগে কখনও এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্য করে হামলা সত্যিই আতঙ্কজনক।”


সূত্র : বার্তা সংস্থা রয়টার্স