ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী এবং অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছে, যেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২২ মে) জানায়, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠান শেষে মিউজিয়াম থেকে বের হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে, এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ও টার্গেট হামলা। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুইজনই ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন।
ওই ঘটনায় পুলিশ ইলিয়াস রদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে, যিনি শিকাগো থেকে এসেছেন। তাকে আটক করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই হামলাকে "ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা" বলে আখ্যায়িত করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি—তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”
এই নির্মম হামলা ঘিরে ওয়াশিংটনে ইসরায়েলি কূটনৈতিক ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে দূতাবাস ও আশপাশের এলাকায়।
এই বিভাগের আরও খবর
হরমুজ বন্ধে সার সরবরাহ স্থবির, বৈশ্বিক খাদ্য উৎপাদনে ভয়াবহ ঝুঁকি
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
যুদ্ধের অবসানে ৩ স্তরের নতুন প্রস্তাব দিল ইরান
২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প