স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ পর অবশেষে জয়ের স্বাদ পেল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসি। উরবানো কালদেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিলের শীর্ষ লিগের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে রেড বুল ব্রাগান্টিনোকে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার, যিনি একটি গোল করেন।
এই জয়ের ফলে সান্তোস পয়েন্ট তালিকায় ১৬তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় সান্তোস। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করেন নেইমার। পাল্টা আক্রমণে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় রেড বুল ব্রাগান্টিনো। একের পর এক আক্রমণ করলেও সান্তোসের গোলরক্ষক ডিওগেনেস দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন। পুরো ম্যাচে তিনি অন্তত তিনটি নিশ্চিত গোল রুখে দেন।
৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বোন্টেম্পো। তার বদলি হিসেবে মাঠে নামেন রনি। এরপর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। স্থির বলের সুযোগ থেকে গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল সান্তোস, তাদের নিয়ন্ত্রণে ছিল ৫৩ দশমিক ২ শতাংশ সময়। সাতটি কর্নারও পায় দলটি। অন্যদিকে ব্রাগান্টিনো ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।
আগামী ম্যাচে ব্রাজিল কাপের খেলায় করিতিবার মুখোমুখি হবে সান্তোস। আর ব্রাগান্টিনো খেলবে মিরাসলের বিপক্ষে।
এই বিভাগের আরও খবর
প্রথম গোলের পরই মেসির চোখে জল, জানালেন কারণ
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির যাদু , রেকর্ডের পর রেকর্ড
মেসিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানালেন স্কালোনি, বললেন—ভাষা হারিয়ে ফেলেছি
এই বিশ্বকাপেই ক্লোসাকে ছাড়িয়ে যাবেন মেসি? ইতিহাস গড়ার অপেক্ষায় এক জাদুকর
শেয়ারবাজারে লেনদেনের সময় দশ মিনিট বাড়লো