মেসির জয়ে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গন

17 Jun 2026, 11:47 AM
মেসির জয়ে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গন

বিনোদন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাটট্রিক করেন এই আলবিসেলেস্তে জাদুকর। মেসির এমন পারফরম্যান্সে আর্জেন্টিনার বড় জয়ের পাশাপাশি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে দেশের বিনোদন অঙ্গনে।


মেসির জাদুকরী পারফরম্যান্সে আবেগ, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন ঢালিউড ও টেলিভিশন অঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা। পরীমণি খেলা দেখার মুহূর্তের একটি ছবি শেয়ার করে লেখেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার পতাকার ইমোজি জুড়ে দিয়ে সংক্ষিপ্ত একটি পোস্টে লেখেন, “ঠিক আছে শুভরাত্রি।”


অভিনেত্রী কেয়া পায়েল মেসির একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে।” ম্যাচের পারফরম্যান্স নিয়েও তিনি প্রশংসা করেন, বিশেষ করে প্রথম ১৭ মিনিটেই গোল করার বিষয়টি উল্লেখ করেন।


অভিনেত্রী তানিয়া বৃষ্টি আর্জেন্টিনার জয়ে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।”


এদিকে সংগীতশিল্পী তাসরীফ খানও মেসির পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি লেখেন, “সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি!”


শুধু উচ্ছ্বাসই নয়, মেসির হ্যাটট্রিক ম্যাচে কিছুটা রসিকতাও ছড়িয়ে দেন অভিনেতারা। খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লেখেন, “প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?” একই ধরনের মন্তব্য করেন ইরফান সাজ্জাদও।


অন্যদিকে ক্রীড়াসুলভ মনোভাব দেখিয়েছেন গায়িকা পড়শী। ব্রাজিলের সমর্থক হয়েও তিনি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে লেখেন, “আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।”


মেসির এই পারফরম্যান্স ঘিরে পুরো বিনোদন অঙ্গনে দিনভর ছিল উচ্ছ্বাস, আলোচনা ও আবেগের ঢেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের এসব প্রতিক্রিয়া ভক্তদের মধ্যেও তৈরি করেছে বাড়তি উত্তেজনা।