হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

20 May 2026, 04:36 PM
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।


বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হামে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮ হাজার ৬৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে।