হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪১৫

17 May 2026, 04:45 PM
হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪১৫

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে হামে ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্যমতে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে সারা দেশে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৬৫ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৩৫০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ৯৩৭ জন রোগীর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।


অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিনে জানানো হয়, দেশব্যাপী এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন রোগী।