গাজায় আর্তনাদ থামছে না: ২৪ ঘণ্টায় ৮৪ প্রাণ ঝরল, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক : রক্ত, ধ্বংস আর কান্নায় ডুবে আছে গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যেন মৃত্যু ছড়িয়ে দিয়েছে আকাশপথে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র একদিনেই বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য জানায়। তারা আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় আগুন-বারুদের এই বিভীষিকাময় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫১ হাজার ৪০০ জন, আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। এদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু—এই পরিসংখ্যান হৃদয় বিদারক বাস্তবতারই প্রতিচ্ছবি।
চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার হামলাও ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র ৩৮ দিনেই এতে নিহত হয়েছেন আরও ২ হাজার ৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।
হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, এই জিম্মিদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত থাকবে।
যুদ্ধবিরতির দাবি এসেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা প্রান্ত থেকে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
তবু থামছেন না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাফ জানিয়ে দিয়েছেন—হামাসকে নিঃশেষ না করা পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।
গাজার আকাশে এখনও ঘুরছে যুদ্ধবিমান, মাটির নিচে চাপা পড়ে আছে মানুষের স্বপ্ন, আর বাতাসে ভাসছে একটি প্রশ্ন—এই আর্তনাদ কবে থামবে?
এই বিভাগের আরও খবর
হরমুজ বন্ধে সার সরবরাহ স্থবির, বৈশ্বিক খাদ্য উৎপাদনে ভয়াবহ ঝুঁকি
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
যুদ্ধের অবসানে ৩ স্তরের নতুন প্রস্তাব দিল ইরান
২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প