দ্বিতীয় মেয়াদে বিতর্কের ঝড়: ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় মেয়াদে বিতর্কের ঝড়: ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজপথ আবারও প্রকম্পিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নানা বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার স্থানীয় সময় সকাল থেকেই রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

 

এই আন্দোলনের পেছনে রয়েছে ‘৫০৫০১’ নামের একটি সংগঠন, যার নামেই ধরা পড়ে তাদের উদ্দেশ্য—৫০টি রাজ্যে ৫০টি বিক্ষোভ, একটি অভিন্ন আন্দোলন। আমেরিকার বিপ্লবী যুদ্ধের ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

হোয়াইট হাউজের সামনেই ছিল সবচেয়ে বড় জমায়েত। সকাল থেকেই বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে থাকেন। নানা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে তারা অবস্থান নেন সরকারি ভবনের চারপাশে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং গাজা ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে ছিল তাদের প্রতিবাদ।

 

টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, হোয়াইট হাউজ ঘিরে বিপুল মানুষের ঢল, প্রতিবাদী স্লোগানে মুখর পুরো এলাকা। “জনগণের ক্ষমতায়ন থামানো যাবে না”, “নতুন শুল্কে গরিব মরছে”— এমন নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ডে ছিল তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ।

 

এই মাসের শুরুর দিকেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। তখন মূলত প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের ক্ষমতা আরও সম্প্রসারণের উদ্যোগকে কেন্দ্র করে হাজারো মানুষ রাজপথে নেমেছিল।

 

ট্রাম্প চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পরপরই একের পর এক নির্বাহী আদেশ, আন্তর্জাতিক বাণিজ্যে নতুন শুল্কনীতি, অভিবাসন নিয়ে কঠোর সিদ্ধান্ত এবং সরকারি চাকরিতে গণছাঁটাইসহ নানা পদক্ষেপ তাকে ফের সমালোচনার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।

 

২০১৭ সালে যখন তিনি প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, তখনও এই ধরনের বিরোধিতার মুখে পড়েছিলেন ট্রাম্প। তবে এবার আন্দোলন আরও বিস্তৃত, আরও সংঘবদ্ধ এবং রাজনৈতিকভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।