সুদহার দুই অঙ্কের নিচে নামিয়ে বিনিয়োগবান্ধব করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : দেশে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুদের হার দুই অঙ্কের নিচে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান উচ্চ সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলসহ শ্রমনির্ভর শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, তাই এ বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “দুই অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলের মতো শ্রমঘন শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। এই বাস্তবতা আমরা বুঝি এবং সে অনুযায়ী সুদের হার কমিয়ে আনার বিষয়ে কাজ করছি। নতুন বিনিয়োগ এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক একটি সুদহার কাঠামো গড়ে তোলা এখন অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, বর্তমানে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো জ্বালানি সংকট এবং উচ্চ সুদহার। ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত ফান্ডের খরচে টেক্সটাইল বা স্বল্প মুনাফার শিল্প খাত টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তবে উচ্চ প্রযুক্তিনির্ভর কিছু খাত হয়তো এ পরিস্থিতিতে টিকে থাকতে পারে, কিন্তু প্রচলিত শিল্পের জন্য এটি বড় চাপ সৃষ্টি করছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা যে গ্যাস সংকটে আছি, তা আমরা সৃষ্টি করিনি, এটি উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা। দেশে বর্তমান চাহিদা পূরণে প্রায় ৪৩০০ এমএমসিএফডি গ্যাস প্রয়োজন হলেও সরবরাহ রয়েছে এর অনেক কম। ফলে ঘাটতি ১৪০০ থেকে ১৭০০ এমএমসিএফডি পর্যন্ত দাঁড়াচ্ছে।”
তিনি জানান, এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা দ্রুত বৃদ্ধি সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে আরও এফএসআরও টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ব্যবসা সহজীকরণের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের এখন একটি ব্যবসা শুরু করতে ২৫ থেকে ২৬ ধরনের লাইসেন্স ও ক্লিয়ারেন্স নিতে হয়, যা সময়সাপেক্ষ ও জটিল। আগামী দিনে অ্যাপ্লিকেশন দেওয়ার পরই প্রভিশনাল ক্লিয়ারেন্স বা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কাজ শুরু করতে পারেন।
তিনি আরও জানান, বন্ড লাইসেন্স রিনিউ প্রক্রিয়াও সহজ করা হবে এবং এটি প্রতি তিন বছরের পরিবর্তে আরও সহজ কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। স্বাগত বক্তব্য দেন কনভেনর ফজলে শামীম এহসান। আরও বক্তব্য দেন ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন এবং বিকেএমইএ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।
চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২ মে পর্যন্ত, যেখানে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
জ্বালানিসংকট মধ্যমেয়াদি চ্যালেঞ্জ: পিপিআরসি
স্বর্ণের দাম কমেছে, ভরিতে ২,১৫৮ টাকা কমানো হলো
এবার সয়াবিন তেলের দামও বাড়লো
ট্যাক্স-ডিউটিতে ব্যবসায়ীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার : এনবিআর চেয়ারম্যান
সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেবো : অর্থমন্ত্রী