প্রশাসক নিয়োগ নিয়ে খবরের ব্যাখ্যা দিল তিন আর্থিক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে—এমন একটি অনলাইন সংবাদ প্রকাশের পর বিষয়টি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৫ জুন একটি অনলাইন সংবাদমাধ্যমে “পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বাজারে বিভ্রান্তি তৈরি হলে ডিএসই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চায়।
ডিএসইর চিঠির জবাবে ১৮ জুন পৃথকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিন প্রতিষ্ঠান।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি জানায়, প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক আদেশ, নির্দেশনা বা নথি জারি বা প্রচার করা হয়নি। ফলে সংবাদে উল্লিখিত বিষয়ে তাদের কাছে কোনো সরকারি নির্দেশনা পৌঁছেনি।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জানিয়েছে, ডিএসইর পাঠানো চিঠির সঙ্গে সংযুক্ত বার্তার সমর্থনে কোনো নিয়ন্ত্রক সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো নথি, পরামর্শ বা নির্দেশনা তারা পায়নি। প্রতিষ্ঠানটি আরও জানায়, আলোচিত সংবাদে তাদের নাম অবসায়নের (লিকুইডেশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডও জানিয়েছে, অনলাইন সংবাদে উত্থাপিত প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ, চিঠি বা নির্দেশনা পায়নি।
ডিএসইর অনুসন্ধানের জবাবে তিন প্রতিষ্ঠানই মূলত স্পষ্ট করেছে যে, প্রশাসক নিয়োগ নিয়ে তাদের কাছে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা প্রমাণপত্র পৌঁছেনি।
এই বিভাগের আরও খবর
ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ ছাড়ালো হাজার কোটি টাকা, অসন্তোষ আমানতকারীরা
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
BSEC-এর নবনিযুক্ত Acting Chairman ও Commissioner-কে GSP Finance-এর শুভেচ্ছা
রিজেন্ট টেক্সটাইলের তদন্তে যাচ্ছে ডিএসই
সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে ইতিবাচক সূচক, লেনদেনে দেখা গেল মিশ্র প্রবণতা