নতুন আইন ঘিরে বিভ্রান্তি, একীভূত ব্যাংক নিয়ে স্পষ্ট বার্তা চান প্রশাসকরা
নিজস্ব প্রতিবেদক : নতুন আইন ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়ায় একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন প্রশাসকরা। আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়তে থাকায় এবং টাকা উত্তোলনের চাপ ফের বেড়ে যাওয়ায় তারা বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত ও সুস্পষ্ট নির্দেশনা চেয়েছেন।
রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে প্রশাসকরা এ বিষয়ে উদ্বেগ জানান। তাদের মতে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি বাজারে ভুল বার্তা দিচ্ছে, যা আমানতকারীদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে।
গত বছর এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। পরবর্তীতে প্রশাসক নিয়োগ দিয়ে ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা ও পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
তবে সম্প্রতি পাস হওয়া আইনের ১৮(ক) ধারায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও সরকারের দেওয়া অর্থের সাড়ে ৭ শতাংশ পরিশোধের মাধ্যমে আগের মালিকরা ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। এই বিধান নিয়েই মূলত নতুন করে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
প্রশাসকদের ভাষ্য অনুযায়ী, আগেই আমানত উত্তোলনের চাপ ছিল। পরবর্তীতে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে ৪ শতাংশ মুনাফা দেওয়ার ঘোষণা কিছুটা স্বস্তি আনলেও নতুন আইনি ব্যাখ্যা ঘিরে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে নতুন আমানত আসা কার্যত বন্ধ হয়ে গেছে এবং ঋণ আদায়ও কমে এসেছে বলে জানান প্রশাসকরা। তাদের মতে, আস্থার সংকট দীর্ঘায়িত হলে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট ঋণ ১ লাখ ৯৬ হাজার ৮২৭ কোটি টাকা, যার ৮৪ শতাংশই খেলাপি। ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৯১ কোটি টাকায়।
এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ৪৭ হাজার ৮৪ কোটি টাকা সহায়তা দিয়েছে। সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা মূলধন এবং আমানত বীমা তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে আরও ১২ হাজার কোটি টাকা।
এই বিভাগের আরও খবর
ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়ালো
বন্ধ কারখানা সচলে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের জন্য এমটিবি ফাউন্ডেশনের বিকল্প জীবিকা সহায়তা বিতরণ
ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতিঃ
২২ দিনে সাড়ে ২৯ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা