বন্ধ কারখানা সচলে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

বন্ধ কারখানা সচলে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

শেয়ারবাজার ডেস্ক : বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে কম সুদে ঋণ সহায়তার লক্ষ্যে বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ তহবিল সরকারের অর্থায়নে নাকি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠন করা হবে, তা নির্ধারণে একটি কমিটি কাজ করছে।


সূত্র জানায়, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বন্ধ কারখানা সচল করতে তহবিল সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।


বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনাময় শিল্প-কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। তবে জালিয়াতি, অর্থপাচার বা বড় ধরনের আর্থিক অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধার বাইরে রাখা হবে বলে জানা গেছে।


কারখানা পুনরায় চালুর জন্য বিভিন্ন ধরনের সহায়তার প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে ঋণ নিয়মিত করতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করা, কম সুদে নতুন ঋণ সহায়তা, আমদানি-রপ্তানির জন্য ব্যাংকিং সুবিধা বৃদ্ধি এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ। সংশ্লিষ্ট ব্যাংকগুলো গ্রাহকের আগের আচরণ ও ঋণ পরিশোধের ইতিহাস বিবেচনায় এসব সুবিধা দিতে পারবে।


এদিকে, বিভিন্ন ব্যাংকের অর্থায়নে গড়ে ওঠা বন্ধ শিল্প-কারখানার তালিকা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এসব তথ্য বিশ্লেষণ করে সরকারের কাছে একটি সুপারিশভিত্তিক প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।


তবে নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠনের বিষয়ে আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি নতুন তহবিল তৈরির পরিবর্তে বিদ্যমান তহবিল ধীরে ধীরে কমানোর পরামর্শ দিয়েছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন অর্থায়ন বাজারে অতিরিক্ত তারল্য সৃষ্টি করতে পারে, যা মূল্যস্ফীতি আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।


এ পরিস্থিতিতে নতুন তহবিল গঠনের পাশাপাশি বিকল্প উপায়ে কীভাবে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা যায়, সেটিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।