কারসাজির সন্দেহে তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের মাধ্যমে সম্ভাব্য কারসাজির অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসিএল) এবং সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে ডিএসইকে পৃথক তিনটি চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের প্রবণতা তৈরি হয়েছে। এ কারণে সম্ভাব্য কারসাজি, কৃত্রিম বা সমন্বিত লেনদেন এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে বিশেষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, মার্জিন ঋণসংক্রান্ত বিধি ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিদের (এআর) ভূমিকা কী ছিল। পাশাপাশি অন্য কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সেটিও অনুসন্ধানের আওতায় থাকবে।
শ্যামপুর সুগার মিলসের ক্ষেত্রে বারাকা সিকিউরিটিজ ও স্মার্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজের ভূমিকা বিশেষভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক লেনদেন প্রতিরোধে এসব ব্রোকারেজ প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে কি না কিংবা কোনোভাবে সহায়তা করেছে কি না, সেটিও তদন্তের অংশ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও স্টক ডিলারদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কমপ্লায়েন্স কর্মকর্তা এবং অনুমোদিত প্রতিনিধিদের সন্দেহজনক লেনদেন বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছে কমিশন।
বিএসইসির মতে, এ ধরনের কার্যক্রম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধান লঙ্ঘনের শামিল হতে পারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লোকসানি কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর গত এক মাসে দ্বিগুণের বেশি বেড়েছে। গত ১৭ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৪০ টাকা ১০ পয়সা, যা মঙ্গলবার ৮৪ টাকায় উঠে যায়। এর আগে দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি দিলেও গত ২ জুন কোম্পানিটি জানায়, এ ধরনের মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
অথচ আর্থিক অবস্থার চিত্র খুব একটা ইতিবাচক নয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ৫০ লাখ টাকা লোকসান করেছে। শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরেও কোম্পানিটি ২ কোটি ১৩ লাখ টাকা লোকসান করায় কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও জেড ক্যাটাগরিভুক্ত রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর গত ১৭ মে ছিল ১৩৯ টাকা ২০ পয়সা। কয়েক দিনের ব্যবধানে তা বেড়ে ১১ জুন ২৩৮ টাকা ৯০ পয়সায় ওঠে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ওই দিন শেয়ারটির লেনদেন সাময়িক স্থগিত করেছিল ডিএসই। মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ১৯৬ টাকা ৬০ পয়সা। গত ১০ জুন কোম্পানিটি ডিএসইকে জানায়, দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শ্যামপুর সুগার মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৯৬ পয়সা। ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমে আসায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।
এদিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর গত ১৭ মে ছিল ৮২ টাকা ৭০ পয়সা। তা বেড়ে ৯ জুন ১১৬ টাকা ১০ পয়সায় ওঠে। পরে কিছুটা কমে সর্বশেষ লেনদেন শেষে ১০৮ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।
কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়ে ১ টাকা ৬১ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়ে ২ টাকা ৫৯ পয়সা হয়েছে, যা এক বছর আগে ছিল ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা। তবে আর্থিক সূচকে উন্নতি থাকলেও সাম্প্রতিক দরবৃদ্ধি স্বাভাবিক নয় বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।
বিষয়টি নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, সম্প্রতি তিন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে তদন্তের জন্য বিষয়গুলো স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ ছাড়ালো হাজার কোটি টাকা, কতটা নিরাপদ বিনিয়োগকারীদের আমানত?
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
৩ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই
দর সংশোধনের এক দিন পরই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের