এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফা কমলো সোনার দাম

29 Apr 2026, 10:43 AM
এক দিনের ব্যবধানে দ্বিতীয় দফা কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হলো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাবেই নতুন করে এই মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


সংস্থাটি জানিয়েছে, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।


বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।


এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) একই পরিমাণ অর্থাৎ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল সোনার দাম। তারও আগে ২৩ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। ফলে মাত্র ছয় দিনের ব্যবধানে ভালো মানের এক ভরি সোনার দাম মোট ৭ হাজার ৬৯৮ টাকা কমলো।


সবশেষ দরের আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।


এদিকে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।