সিলিন্ডারভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা ছয়জন আহত হন। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে : প্রধানমন্ত্রী
দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি : উপদেষ্টা জাহেদ
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার