নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

শেয়ারবাজার ডেস্ক : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ৯ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ভোরে ফজরের নামাজ আদায়ের পর এক স্থানীয় বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরের ভেতরে ঢুকে চারজনের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি নিশ্চিত হন এবং দ্রুত থানায় খবর দেন।

 

খবর পেয়ে সকাল প্রায় ৮টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং এখনো নিশ্চিতভাবে কোনো কারণ জানায়নি।

 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।