শেয়ারবাজার ডেস্ক : সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট এবং শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়ানো তথ্য যাচাই না করে প্রচার করা হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, গুজব কে ছড়াচ্ছে সেটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যাচাই ছাড়া তা প্রচার করাও বড় সমস্যা। একটি সংবাদ প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য অনেক সময় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়াচ্ছে কিংবা যাচাই ছাড়া প্রচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।
এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে। এখন পর্যন্ত পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে আমি সন্তুষ্ট। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
এইচএসসি পরীক্ষার সেশনজট প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে সেশনজট কমবে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
ডিসেম্বরে শুরু হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে, ২১ মে থেকেই টানা অবকাশে শিক্ষার্থীরা
আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী