ফরিদপুরে বিআরটিসি বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বিআরটিসি বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।