ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র, সংঘর্ষে আহত অন্তত ১৫

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র, সংঘর্ষে আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ উত্তেজনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি দ্রুতই ক্যাম্পাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।


গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর ওই রাতেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করে এবং ফটকে তালা ঝুলিয়ে দেয়।


এরই ধারাবাহিকতায় রোববার সকালে আবারও শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, এ সময় ভিসির পক্ষের কিছু বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা আলাদা। তাই বাইরে থেকে কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল বলে তাদের দাবি।


এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, গত দুই দিন ধরেই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। রোববার সকালে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বর্তমানে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।