দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

27 Apr 2026, 04:10 PM
দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

শেয়ারবাজার ডেস্ক : দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় জানান, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে পুলিশ সদর দপ্তরের চিঠির পর অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমেরই অংশ।

 

জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়। এর পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করে। বিমানবন্দরে দায়িত্বে থাকা সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকা ঘিরে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের আগমন ও প্রস্থানের সময় নিরাপত্তা তল্লাশিও বাড়ানো হয়েছে।

 

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। যেসব বিমানবন্দরে রাতের ফ্লাইট নেই, সেখানেও রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

তিনি আরও জানান, এটি শুধু নতুন কোনো পরিস্থিতির কারণে নয়, বরং নিয়মিতভাবেই নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

 

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু স্পর্শকাতর স্থানে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।