আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার অবসানে তিন স্তর বা পর্যায়ের একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, সেক্ষেত্রে এই নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে।
জানা গেছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
ইরানের নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে ইরান ও লেবাননে আর কোনো ধরনের আগ্রাসী হামলা চালানো হবে না।
দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব রাখা হয়েছে। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে বলা হয়েছে, প্রথম দুই ধাপে সমঝোতা হলে এবং সংশ্লিষ্ট সব পক্ষ একমত হলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে।
এদিকে এই প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে যোগাযোগ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়, তাই তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, যেকোনো চুক্তিতে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
পরে দ্বিতীয় দফা সংলাপের উদ্যোগ নেওয়া হলেও দুই পক্ষই সরাসরি আলোচনায় অনাগ্রহ দেখায়। এই অবস্থায় মধ্যস্থতাকারী দেশগুলো আবারও আলোচনায় ফেরার আহ্বান জানায়।
এদিকে ট্রাম্প বলেছেন, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে প্রতিনিধি পাঠাতে তিনি আগ্রহী নন এবং ভবিষ্যতে আলোচনা ফোনের মাধ্যমেই হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্যের পরই নতুন তিন স্তরের প্রস্তাব সামনে আনে ইরান। রোববার সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী, এর আগে তিনি ওমান সফর করেন এবং পরে রাশিয়ায় গেছেন বলে জানা গেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি
এই বিভাগের আরও খবর
হরমুজ বন্ধে সার সরবরাহ স্থবির, বৈশ্বিক খাদ্য উৎপাদনে ভয়াবহ ঝুঁকি
৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প
ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার