দুই পরিবর্তনে একাদশ সাজিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে টাইগাররা

দুই পরিবর্তনে একাদশ সাজিয়ে সিরিজ জয়ের লড়াইয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। নির্ধারণী এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক টাইগাররা।

 

সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ওয়ানডেতে ২৬ রানে জয় পেয়ে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিং এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এতে সিরিজে সমতা ফেরে ১-১ ব্যবধানে।

 

ফলে চট্টগ্রামের শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী রূপ নিয়েছে। যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে সিরিজ।

 

এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। নতুন সমন্বয়ে দল সাজিয়ে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ৪৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫টিতে জয় পেয়েছে কিউইরা, বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

 

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।